নানা নাটকীয়তার মধ্যে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরও জাতীয় পার্টিতে নাটকীয়তার অবসান হয়নি। তবে এই নাটকের মঞ্চের কোথাও দেখা যাচ্ছে না সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে। দলের চেয়ারম্যান এইচএম এরশাদের স্ত্রী ও জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন কোথায় আছেন সে বিষয়ে নেতাকর্মীরা কিছু বলতে পারছেন না। শীর্ষ পর্যায়ের নেতারাও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। নির্বাচনের পর জাতীয় পার্টির অবস্থান ঠিক করতে গতকাল বুধবার দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা বৈঠকে বসলেও সেখানে উপস্থিত ছিলেন না তিনি। এরশাদের নেতৃত্বে পরিচালিত জাতীয় পার্টিতে সক্রিয় হয়ে দশম সংসদে বিরোধীদলীয় নেতা হলেও বিভিন্ন সময়েই রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথাও জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের এই সাংসদ। তবে কি রওশনের ক্ষমতা খর্ব করা হলো এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের নেতাকর্মীদের মধ্যে।
×
