সংবাদ সম্মেলনে জাফরউল্যাহ

নেত্রীর কথায় ভোট দিয়ে পাপ করেছেন ভাঙ্গার মানুষ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০২:২৮ এএম

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী নৌকা প্রতীকে ভোট দিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ভোটাররা পাপ করেছেন বলে মন্তব্য করেছেন সেখানকার পরাজিত প্রার্থী কাজী জাফর উল্যাহ। গতকাল বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য জাফর উল্যাহ বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনের আগে ভাঙ্গায় নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই অঞ্চলের মানুষ নেত্রীর কথায় নৌকায় ভোট দিয়েছিলেন। এখন এই ভোট দেওয়াটাই পাপ হয়ে দাঁড়িয়েছে।’

নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন ডাকেন জাফর উল্যাহ। তিনি বলেন, নির্বাচনের পর বিজয়ী প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশে তার কর্মী-সমর্থকরা আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ৮৪টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ৪৯ হাজার ৯৪৫ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্যাহকে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। মজিবুর রহমান চৌধুরী নিক্সন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকটাত্মীয় (বঙ্গবন্ধুর ভাগ্নে ইলিয়াস চৌধুরীর ছেলে)। সে হিসেবে নিক্সন শেখ হাসিনার ভাতিজা।

নিক্সন ও তার বাহিনীর আক্রমণের কারণে এই আসনের ভোটাররা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন জাফর উল্যাহ। এসব হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ভাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা ও চরভদ্রাসন থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফেজ আবদুল কাউসার উপস্থিত ছিলেন।

জাফর উল্যাহর অভিযোগের ব্যাপারে জানতে নিক্সনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার তিনটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়।  

তবে তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও নির্বাচনে মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করা ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহদাত হোসেন বলেন, ‘জাফর উল্যাহ সাহেব ভোটের দিন তার লোক দিয়ে ভোট ডাকাতির চেষ্টা করলে এলাকার মানুষ তা প্রতিরোধ করে। নির্বাচনে হেরে গিয়ে কাজী সাহেব আমাদের ৯০ জন কর্মী ও সমর্থকের বাড়িতে হামলা করে। এর পরিপ্রেক্ষিতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত