শেখ হাসিনাকে অভিনন্দন ফিজির প্রধানমন্ত্রীর

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৫:২৯ পিএম

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ফিজি’র প্রধানমন্ত্রী জেভি বাইনিমারামা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসস

বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য তিনি তাকে এই অভিনন্দন জানান। এই বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় বাইনিমারামা বলেন, ‘৩শ’ সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের ২৮৮ আসনের এই বিশাল জয় দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনার নেতৃত্ব ও সক্ষমতার প্রতি বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন।’

তিনি বলেন, বাংলাদেশ ও ফিজির মধ্যে ২০০৩ সাল থেকেই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে।

ফিজি’র প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি এই বন্ধুত্ব জোরদার ও দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী।

বাইনিমারামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের আগামী পাঁচ বছরের শাসনকালের সব ধরনের সাফল্য কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত