বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবার বসতে যাচ্ছে তারার মেলা। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা খেলবেন এবারের আসরে। বল টেম্পারিং কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন সিলেট সিক্সার্সকে। দলের অধিনায়ত্ব পেয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রতি কৃতজ্ঞ বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের মূল হোতা বলা হয় ওয়ার্নারকে। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ ওয়ার্নার। তবে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।
ঢাকায় এসে ওয়ার্নার বললেন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াই এই মুহূর্তে তার লক্ষ্য, “ওয়াকারের (ইউনিস) সঙ্গে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলার ব্যাপারে কথা বলছিলাম। উইকেটগুলো বেশ ধীরগতির ও নিচু ছিল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা কঠিন ছিল। তবে আমি হোমে এই মুহূর্তে ভালো রান করছিলাম।’’
‘‘ঢাকা ও চট্টগ্রামে আমার আগে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি এখানে উইকেট কেমন হতে পরে। আমার জন্য ব্যাপারটা একটা রুটিন ও ছন্দে ফেরার। দলকে যাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারি সেই ব্যাপারটা নিশ্চিত করতে চাই।’’
সিলেটকে নেতৃত্ব দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ার্নার বলেন, “আমি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। আমার কথা বলব দল হিসেবে যাতে সবার কাছ থেকে সেরাটা বের করে আনতে পারি সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব।’’
‘‘ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করে সেরা একাদশ নিশ্চিত করতে হবে। রান করা ও দলকে নেতৃত্ব দেওয়া এ দুই কাজ যাতে ঠিকঠাক করতে পারি সেটা নিশ্চিত করতে হবে।”
