চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ থাকায় চীনের আয় কমেছে। এ ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারী।
যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্টের প্রধান নির্বাহী টিম কুক এক চিঠিতে বিনিয়োগকারীদের জানিয়েছেন, চীনে প্রত্যাশা অনুযায়ী আইফোন বিক্রি হয়নি। এ কারণে ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) পণ্য বিক্রি কমতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধই চীনে আইফোন বিক্রি কমার অন্যতম কারণ বলে জানান কুক।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কয়েক দশক পর চীনের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। গত বছর দেশটিতে ১৯৯০ সালের পর সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। ২০১৯ সালও চীনের জন্য ভালো হবে না, বলছেন বিশেষজ্ঞরা। অ্যাপল পণ্যের বৃহৎ বাজার চীন। আইফোন নির্মাতার বৈশি^ক আয়ের ১৫ শতাংশ আসে চীন থেকে।
অ্যাপল নির্বাহী চিঠিতে বিনিয়োগকারীদের জানান, ‘প্রধান উদীয়মান বাজারগুলোয় আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অর্থনৈতিক মন্থরতা বিশেষ করে চীনের দিকে দৃষ্টি দেওয়া হয়নি’।
ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে প্রায় ৮ হাজার ৪০০ কোটি ডলার আয় হবে, আশা করছে অ্যাপল। আগে আয় ৮ হাজার ৯০০ কোটি থেকে ৯ হাজার ৩০০ কোটি ডলারের মধ্যে ওঠানামা করবে বলে ধরে নিয়েছিল কোম্পানিটি। অনেক বছর ধরেই অ্যাপলের আয়ে মূল ভূমিকা রাখছে আইফোন।
গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর) অ্যাপলের মোট পণ্য বিক্রির প্রায় ৬০ শতাংশ ছিল আইফোন। গত বুধবার টিম কুকের লেখা চিঠি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর আগে ঘণ্টাখানেক অ্যাপলের শেয়ার লেনদেন বন্ধ ছিল। লেনদেন পুনরায় শুরুর পর কোম্পানির শেয়ারদর কমে ৮ শতাংশ। এর মধ্য দিয়ে বাজারমূল্য ৫ হাজার ৫০০ কোটি ডলার হারায় অ্যাপল।
