শেখ হাসিনাকে বি. চৌধুরীর অভিনন্দন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৩:৩৪ এএম

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী একাদশ জাতীনির্বাচনে টানা তৃতীয়বারের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার রাজধানীর বারিধারার বাসভবন ‘মায়া-বি’তে আয়োজিত এক বিশেষ যৌথ সভায় এ অভিনন্দন জানান তিনি।

বি. চৌধুরী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীরা শেখ হাসিনার নেতৃত্বে বিপুল বিজয় অর্জন করেছেন। এ কৃতিত্ব শেখ হাসিনার। তিনি পরপর তৃতীয়বারের মতো একটি মহাবিজয়ের রেকর্ড সৃষ্টি করেছেন। বিকল্পধারা বাংলাদেশ আশা করে, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়কর ধারা বাংলাদেশকে পৃথিবীর অগ্রগামী দেশগুলোর কাতারে দ্রুত এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার অব্যাহত অবদান তাকে স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করবে। এই লক্ষ্য অর্জনে বিকল্পধারা বাংলাদেশ সব সময় শেখ হাসিনার পাশে থাকবে।

এ সময় তিনি আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় বিকল্পধারার ইশতেহারে ঘোষিত প্রাদেশিক সরকারব্যবস্থা ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাবসহ অন্যান্য প্রস্তাব বাস্তবায়নে দেশব্যাপী প্রচার এবং সাংগঠনিক তৎপরতা জোরদার করার জন্য সভা-সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

এর আগে বিকল্পধারার নব নির্বাচিত সংসদ সদস্য মেজর আবদুল মান্নান ও মাহী বি. চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী এমপি, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মজহারুল হক শাহ চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত