চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক দিব্যেন্দু পালিত। গতকাল বৃহস্পতিবার সকালে যাদবপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গত বুধবার শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ লেখকের বয়স হয়েছিল ৭৯ বছর।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দিব্যেন্দু পালিতের মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন।
একাধারে গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক দিব্যেন্দু ১৯৩৯ সালের ৫ মার্চ বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেন। সেখানে স্কুল-কলেজের পাঠ শেষ করে ষাটের দশকে কলকাতায় যান। ১৯৬১ সালে তুলনামূলক সাহিত্যে এমএ পাস করেন। এরপর দৈনিক হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় সাব-এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘকাল যুক্ত ছিলেন ক্ল্যারিয়ন-ম্যাকান অ্যাডভার্টাইজিং সার্ভিসেস, আনন্দবাজার সংস্থা এবং দ্য স্টেটম্যানে। পরবর্তী সময়ে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগেও কাজ করেন তিনি।
ভাগলপুর কলেজে পড়ার সময়ই তার লেখা গল্প বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে থাকে। মাত্র ১৬ বছর বয়সে তার গল্প ছাপা হয় ‘দেশ’ পত্রিকায়। ২০ বছর বয়সে প্রকাশিত হয় প্রথম উপন্যাস গ্রন্থ ‘সিন্ধু বারোয়াঁ’। ১৯৮৪ সালে আনন্দ পুরস্কার, ১৯৯০ সালে বঙ্কিম পুরস্কার, ১৯৯৮ সালে সাহিত্য আকাদেমি পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি।
