ডাবল থেকে পূজারা থামলেন সাত কদম দূরে। রিশাব পান্ত দেড় শতাধিক রানের ক্ল্যাসিক ইনিংস খেলে থাকলেন অপরাজিত। সঙ্গে যোগ দিলেন জাদেজা। ছয়শ পেরিয়ে যতক্ষণে কোহলি ইনিংস ঘোষণা করলেন, সিডনিতে ততক্ষণে দিশেহারা অস্ট্রেলিয়ান বোলাররা।
চতুর্থ এবং শেষ টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার ৭ উইকেটে ৬২২ রান তোলার পর অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। পূজারা ৩৭৩ বল খেলে ১৯৩ রানে সাজঘরে ফেরেন। জাদেজার (৮১) সঙ্গে ১৫৯ রানে অপরাজিত ছিলেন ২১ বছর বয়সী পান্ত।
অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ রানে দিন শেষ করেছে।
৪ উইকেটে ৩০৩ রান নিয়ে ভারত শুক্রবার মাঠে নামে। পঞ্চম উইকেটে ৭৫ রান তুলে আগের দিন অপরাজিত ছিলেন পূজারা এবং হানুমা বিহারি।
বিহারি মাত্র তিন রান তুলে নাথান লায়নকে উইকেট দিয়ে পথ ধরেন। টিকে যান পান্ত এবং পূজারা।
পূজারা ১৯২ রানে উসমান খাওয়াজার হাতে জীবন পান। সুযোগ পেয়েও ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হন। আর এক রান যোগ করে লায়নের বলে ‘কট অ্যান্ড বোল্ড’ হয়ে সাজঘরে ফেরেন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান।
এরপর রবীন্দ্র জাদেজা এবং পান্ত সিরিজের সর্বোচ্চ রানের জুটি গড়েন। দুই বাঁহাতি ২৩০ বলে ২০৪ রান যোগ করেন।
১১৪ বলে ৮১ রান করতে জাদেজা সাতটি চার এবং একটি ছক্কা হাঁকান। পান্ত ঠিকই ম্যাজিক ফিগার ছাড়িয়ে দেড়শ পার করেন।
লায়নের বলে জাদেজা আউট হতেই ইনিংস ঘোষণা করেন কোহলি।
অস্ট্রেলিয়াকে শুরুতে খুব একটা স্বাচ্ছন্দ্য মনে হয়নি। তৃতীয় ওভারেই খাওয়াজা ক্যাচ দেন পান্তের কাছে। ডানদিকে ডাইভ দিয়েও সেটি ধরতে পারেননি ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরা পান্ত।
