সিডনি টেস্টের প্রথম ইনিংসে সব আলো কাড়লেন রিশাভ পান্ত। দারুণ এক ইনিংসে দলের বিশাল সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এই উইকেটকিপার-ব্যাটসম্যান গড়েছেন বেশ কিছু কীর্তি। ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির ১২ বছরের এক রেকর্ড। ভাগ বসিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিমের রেকর্ডে।
সিডনিতে শুক্রবার শেষ পর্যন্ত ১৫৯ রানে অপরাজিত থাকেন পান্ত। এতে টেস্টে বিদেশের মাটিতে ভারতের কোনো উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। ১৪৮ রান নিয়ে একযুগ ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ধোনি। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদে টেস্টে কীর্তিটি গড়েন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
ইনিংস ঘোষণার ঠিক আগে অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউডকে মিড-অফ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ধোনির রেকর্ডটি ভেঙে দেন পান্ত। সেই সঙ্গে বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের একটি রেকর্ডে ভাগ বসান টিম ইন্ডিয়ার তরুণ এই সদস্য।
২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছিলেন মুশফিক। বিদেশের মাটিতে উপমহাদেশের কোনো উইকেটকিপার-ব্যাটসম্যানের এটাই ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। ১৫৯ রান করে রেকর্ডটিতে ভাগ বসালেন পান্ত।
নয় ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটাই পান্তের সর্বোচ্চ রানের ইনিংস। অপরাজিত এই ইনিংস খেলার খেলার পথে বেশ মারমুখী ছিলেন ২১ বছর বয়সী এই ক্রিকোটর। তার খেলা ১৮৯ বলের মধ্যে চার ছিল ১৫টি; ছক্কা একটি।
১৫৯ রানের ইনিংস খেলার পথে ১৩৩ বলে শতক হাঁকান পান্ত। তিনিই টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে তিন অংকের দেখা পাওয়া ভারতের প্রথম উইকেটকিপার-ব্যাটসম্যান।
অজিদের মাটিতে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল সাবেক ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের। সেটা তিন অংকের কোনো ইনিংস ছিল না। ১৯৬৭ সালে অ্যাডিলেড টেস্টে ৮৯ রান করেছিলেন ফারুক।
মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, পান্ত ও রবিন্ত্র জাদেজার অসাধারণ ব্যাটিংয়ে সিডনি টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ভারত। দ্বিতীয় দিনের খেলা ১০ ওভার বাকি থাকতে ৭ উইকেটে ৬২২ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বিরাট কোহলি।
জবাবে বিনা উইকেটে ২৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস ১৯ ও উসমান খাওয়াজা ৫ রান নিয়ে ব্যাট করছেন।
