বাঁধের কাজ বিলম্বে শঙ্কায় কৃষকরা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০১:৪১ এএম

হাওরের পানি নেমে গেছে অনেক আগেই। কিন্তু ফসলরক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় শঙ্কায় আছেন সুনামগঞ্জের কৃষকেরা। বাঁধ নির্মাণের জন্য গত ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে ১৫ ডিসেম্বরের মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও এখনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সে হিসেবে ২১ দিন পেরিয়ে গেলেও বাঁধের কাজ শুরু করা যায়নি। এদিকে ২৮ ফেব্রুয়ারি মধ্যে বাঁধ নির্মাণ সম্পন্ন করার কথা রয়েছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জাতীয় নির্বাচনের কারণে বাঁধের কাজ শুরু করতে দেরি হয়েছে। অথচ নির্বাচন শেষে সপ্তাহখানেক পেরিয়ে গেলেও সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের নির্মাণকাজ এখনো শুরু হয়নি। তাই কৃষকেরা হাওরের ফসল রক্ষার ব্যাপারে উদ্বিগ্ন।

সুনামগঞ্জ সদর উপজেলার করচার হাওরের কৃষক মানিক মিয়া বলেন, ‘পানি নামছে বেশ কয়েক দিন হয়ে গেল, এখানো আমাগো হাওরে এক টুকরি মাটিও ফেলা হয়নি। বাঁধের কাজ শুরু না হওয়ায় আমরা দুশ্চিন্তায় আছি।’ একই হাওরের কৃষক মর্জিনা বেগম বলেন, ‘প্রত্যেক বছরই বান্দের (বাঁধের) কাজ শুরু করতে দেরি হয়, পরে মেঘ দিলেই হাওরে পানি ঢুইকা যায়।’ অতি দ্রুত বাঁধের কাজ শুরু করে যথাসময়ে সম্পন্ন করার দাবি জানান তারা।

হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে পাউবোর কর্মকর্তাদের সঙ্গে দেখা করে দ্রুত কাজ শুরু করা দাবি জানিয়েছি, যদি কাজ শুরু করতে দেরি হয়, তাহলে আমার আন্দোলনে নামব।’

হাওরে এবার ২ লাখ ১৫ হাজার ৬১৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলায় ছোট-বড় মিলিয়ে ৩৭টি হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৯৩ কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর ছিদ্দিকী বলেন, নির্বাচনী ব্যস্ততা ছিল বলেই পিআইসি গঠন করা যায়নি। পিআইসি গঠন শেষ করেই দ্রুত বাঁধের কাজ শুরু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত