শোকাবহ ছাত্রলীগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৩:৫৪ এএম

গতকাল শুক্রবার ছিল বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে ঘিরে ছাত্রলীগ চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভ্রাতৃপ্রতিম সংগঠন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের দিন কয়েক পরই জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে ঘিরে সংগঠনটির ব্যাপক প্রস্তুতি ছিল।

কিন্তু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও এককালের ছাত্রলীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে সব কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। এদিন সৈয়দ আশরাফের মাগফেরাত কামনায় বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।অন্যসব কর্মসূচি স্থগিত করা হলেও এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি। গতকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শুক্রবার এবং এর পরের সব কর্মসূচি স্থগিত করে ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হলো।
সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়। স্থগিত হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনতিবিলম্বে জানানো হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালে এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বায়ান্নর ভাষা আন্দোলন, সাতান্নর শিক্ষক ধর্মঘট, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত