কুলদীপ-জাদেজায় দিশেহারা অস্ট্রেলিয়া

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০২:০৬ পিএম

কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার স্পিনে সিডনি টেস্টে ধুঁকছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের পাহাড় সমান সংগ্রহের জবাবে ফলোঅনে পড়ার শঙ্কায় পড়েছে দলটি।

তৃতীয় দিনের প্রথম সেশনটা যদি অস্ট্রেলিয়ার হয়, দ্বিতীয় সেশনটা তবে ভারতের। দ্বিতীয় সেশনে চারটি উইকেট তুলে নেয় বিরাট কোহলির দল। কুলদীপ-জাদেজার স্পিনে দিশেহারা খেই হারায় স্বাগতিক দলের ব্যাটসম্যানরা।

বৃষ্টির কারণে শনিবারের ১৬.৩ ওভার কম খেলা হয়েছে। দিনের খেলা শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ২৩৬ রান। সপ্তম উইকেট জুটিতে পিটার হ্যান্ডসকম ২৮ ও প্যাট কামিন্স ২৫ রানে অপরাজিত আছেন।

ভারতের ৬২২ রানের জবাবে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া এখনও ৩৮৬ রানে পিছিয়ে আছে। ফলোঅন এড়াতে তাদের দরকার আরও ১৮৭ রান। হাতে আছে মাত্র চার উইকেট।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন কুলদীপ। চায়নাম্যানের শিকার হয়েছেন উসমান খাওয়াজা (২৭), ট্রাভিস হেড (২০) ও পেইন (৫)।

অজিদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন আগের দিন ১৯ রানে অপরাজিত থাকা ওপেনার মার্কাস হ্যারিস। ৭৯ রানে তাকে বোল্ড করেন জাদেজা। হ্যারিসের ১২০ বলের ইনিংসটিতে রয়েছে আটটি চারের মার।

জাদেজার অপর শিকার শন মার্শ। উইকেটে নিজেকে ভালোভাবে মানিয়ে নেওয়ার আগেই স্লিপে অজিনঙ্কা রাহানের হাতে ক্যাচ দেন চার নম্বরে নামা এই ব্যাটসম্যান। মোহাম্মদ শামির শিকার ৯৫ বলে ৩৮ রান করা মার্নাস ল্যাবুসক্যাগনে।

চার ম্যাচের এই টেস্ট সিরিজের এরই মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিডনি টেস্ট ড্র হলেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের উল্লাসে মাতবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত