কোমরে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া আলোচিত যমজ শিশুদের একজন তোফাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত এ শিশুটিকে গতকাল শনিবার সকালে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত বুধবার থেকে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একইসঙ্গে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া তোফার বোন তহুরা সুস্থ আছে।
কোমরে জোড়া লাগানো অবস্থায় ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে নানাবাড়িতে জন্ম নেয় তোফা ও তহুরা। ২০১৭ সালের পহেলা আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগের ২২ জন চিকিৎসকের একটি দল নয় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুজনকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করে। জোড়া লাগানো শিশুকে (পাইগোপেগাস) দেশে আলাদা করার ঘটনায় তোফা-তহুরাই প্রথম।
গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আ. খ. ম. আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, দুবোনের মধ্যে তোফা অসুস্থ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক শাহনূর ইসলামের পরামর্শে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। সে শিশু চিকিৎসক আবুল আজাদ ম-লের তত্ত্বাবধানে আছে।
আবুল আজাদ ম-ল দেশ রূপান্তরকে বলেন, ‘পাতলা পায়খানা, শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে তোফার। আমরা তাকে এখানে একদিন রাখব। ডা. শাহনূর ইসলামের সঙ্গে কথা হয়েছে। প্রয়োজন হলে তোফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
তোফা-তহুরার মা শাহিদা বেগম জানান, সম্পূর্ণ চিকিৎসা শেষে গত বছরের ৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জের কাশদহে নানাবাড়িতে নিয়ে আসা হয় তোফা ও তহুরাকে। এরপর প্রায় একমাস দুজনে ভালো ছিল। ডায়রিয়া, শ্বাসকষ্ট ও কাশি শুরু হলে তোফাকে গত বুধবার রাতে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
