প্রথমার্ধে জোড়া গোল করলেন দলের অনিয়মিত মুখ জো উইলক। শেষ দিকে জালের দেখা পেয়েছেন আলেক্স আইওবি। তাদের নৈপুণ্যে ব্ল্যাকপোলকে উড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে বিশ্বের সবচেয়ে পুরানো প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডে ম্যাচে ৩-০ গোলে জয় পায় আর্সেনাল। সব ধরনের প্রতিযোগিতায় এটা দলটির টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৪-১ গোলে হারিয়েছিল তারা।
ব্ল্যাকপোলের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্সেনাল। একাদশ মিনিটে ডি-বক্সের মাঝ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন উইলক। ৩৭তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার ফের জালের দেখা পেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় উনাই এমেরির দল।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে তৃতীয় গোলটি পায় আর্সেনাল। ডান পায়ের শটে ছয় গজ দূর থেকে গোলটি করেন নাইজেরিয়ান উইঙ্গার আইওবি।
