কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেট সিক্সার্স। একটু হাতখুলে লড়েছেন কেবল নিকোলাস পুরান। তাতে বিপিএল টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে কিছুটা হলেও ফাইট দেওয়ার মতো সংগ্রহ পেয়েছে দলটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৭। জয়ের জন্য ১২৮ রানের জবাবে ব্যাট করছে কুমিল্লা।
দলীয় ৫৬ রানেই শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় ডেভিড ওয়ার্নারের সিলেট। বলহাতে শুরুতেই জ্বলে ওঠেন বাংলাদেশের অফস্পিনার মিহেদি হাসান। দলীয় এক রানেই ওপেনার লিটন দাসকে উইকেট ছাড়া করেন তিনি। থিতু হয়ে রান-আউট হন ওয়ার্নার (১৪)।
বড় ইনিংস খেলার পথে এগুতে থাকা আফিফ হোসেনকে (১৬ বলে ১৯ রান) উইকেট ছাড়া করেন মোহাম্মদ সাইফউদ্দিন। মেহেদির করা দ্বাদশ ওভারের তৃতীয় বলে সাব্বির কটবিহাইন্ড হলে পঞ্চম উইকেট হারায় সিলেট।
নির্ভয়ে ব্যাট চালিয়েছেন ছয় নম্বরে ব্যাট করতে নামা পুরান। অলক কাপালিকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে গড়েন ৫৫ রানের জুটি। এই জুটিকে আর এগুতে দেননি মোহাম্মদ শহীদ। দলীয় ১১১ রানের সময় পুরানকে আবু হায়দার রনির ক্যাচে পরিণত করেন তিনি। উইকেট ছাড়ার আগে ২৬ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৪১ রান করেন পুরান। ১৯তম ওভারের শেষ বলে উইকেট ছাড়া হন ২০ বলে ১৯ করা কাপালি।
সাফল্যের পরিচয় দিয়েছেন কুমিল্লার দুই পেসাররা। তিন ওভারে ১৩ রানে দুটি উইকেট নেন সাইফউদ্দিন; ২২ রানে দুই উইকেট নেন শহীদ। চার ওভারে ২৪ রানে নেন দুই উইকেট নেন স্পিনার মেহেদি। একটি উইকেট আফ্রিদির।
