বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের কেউ একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেবেন না। অনেক জল্পনার পর রোববার এ সিদ্ধান্ত নেন জোটের নেতারা।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব রোববার দুপুরে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এ কথা জানান সাংবাদিদের।
মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে দুপুর ১২টার দিকে শুরু হওয়া বৈঠকের পর বেলা পৌনে একটায় সাংবাদিকদের এ কথা জানান হয়।
এর আগে ড. কামাল হোসেন তার দলে গণফোরামের বিজয়ী দুই সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। ৩১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তারা কেউই শপথ নেবেন না, এটা পরিষ্কার কথা।
একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়লাভ করে। এর মধ্যে ৫টি আসনে জিতেছে জোটের প্রধান শরিক বিএনপি ও দুটি আসনে জয় পেয়েছে গণফোরামের দুই নেতা।
রোববারের বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সভাপতিত্ব করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
×
