লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন। নিজের গানের স্কুল ‘অচিন পাখি’ ছাড়াও লালন সংগীত নিয়ে নানা ব্যস্ততা রয়েছে তার। এটিএন বাংলায় আজ বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণ
উপস্থাপনায় ...
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে গেয়েছি। সে সব অনুষ্ঠানে বিভিন্ন উপস্থাপক আমাকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তবে এবার দেখা যাবে উল্টোটা। এটিএন বাংলার ‘মধুগুঞ্জন’ অনুষ্ঠানে উপস্থাপিকার আসনে দেখা যাবে আমাকে। কয়েকটি কারণে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে রাজি হয়েছি। প্রথমত অনুষ্ঠানটির নামটি বেশ পছন্দ হয়েছে। এছাড়া এই অনুষ্ঠানের পরিচালক কাজলী আহমেদ আমার বন্ধু। তার অনুরোধে অনুষ্ঠানটি করেছি। যখন শুনলাম আমার অতিথি হয়ে আসবেন ইন্দ্রমোহন রাজবংশী এবং দ্বীপ্তি রাজবংশী, তখন সত্যি আনন্দ হয়েছে। কারণ লোকসংগীতে তাদের অবদান অনস্বীকার্য। শিল্পীদের কণ্ঠে গান ছাড়া আমাদের আলোচনায় উঠে আসবে এসব গান তৈরির নেপথ্যের গল্প।
লালন উৎসব
শুধুমাত্র লালনের গান নিয়ে এ পর্যন্ত কোনো টিভি চ্যানেল বা কোনো সংগঠন কোনো প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান করেনি। এবার সেই কাজটি করছে রোটারি ক্লাব। সারা দেশ থেকে মোট ৪০ জন শিল্পী নির্বাচন করা হয়েছে। আগামী ১১ তারিখে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেরা ১০ শিল্পী বাছাই করা হবে। তবে বিজয়ীদের টাকা-পয়সা বা গাড়ি-বাড়ি দিয়ে বিদায় করে দেওয়া হবে না। তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে যাতে লালনের গান তারা সত্যিকার অর্থে ধারণ করতে পারে। এ কাজে আমাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আরও আছেন লালন গবেষক ড. আবু ইসহাক, সংগীতশিল্পী আকরামুল ইসলাম ও যন্ত্র সংগীতশিল্পী গাজী আব্দুল হাকিম।
অন্য ব্যস্ততা ...
আমার ব্যস্ততার অনেকাংশ জুড়ে রয়েছে নিজের গানের প্রতিষ্ঠান ‘অচিন পাখি’। এখানে সপ্তাহে ৩দিন সময় দিতে হয়। এর বাইরে নানা ধরনের অনুষ্ঠানে গান করছি। এ মাসেই ভারতের বর্ধমানে লালন স্মরণ অনুষ্ঠানে গাইতে যাওয়ার কথা রয়েছে। আলোচনাও করব- লালনের বাণীর উচ্চারণ, সেখানকার লালনের চর্চা সুষ্ঠু না হওয়া, এসব বিষয়ে। এছাড়া এ বছরের মার্চে ফ্রান্সে একটি বড় কাজ করতে যাব। সেখানকার কিছু মিউজিশিয়ান সম্প্রতি আমার কাছে এসেছিলেন। তাদের সঙ্গে লালনের গানের ফিউশন করে দারুণ কিছু দর্শক-শ্রোতাদের উপহার দেওয়ার ইচ্ছা আছে।
