হাজার কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৯ এএম

টানা ১১ কার্যদিবস ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে পুঁজিবাজার। এ সময়ে সূচক ও লেনদেনে ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে। সব ধরনের বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে লেনদেনের পালেও হাওয়া লেগেছে। প্রায় তিন মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার কেনাবেচার পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধিতে সব ধরনের সূচকও বাড়ছে উল্লেখযোগ্য হারে।
পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৬৪ কোটি টাকা। এরপর নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশ সাইড লাইনে চলে যাওয়ায় লেনদেন নেমে আসে ৩০০ কোটি টাকার ঘরে। এরপর গত ১৮ ডিসেম্বর থেকে পুঁজিবাজার টানা ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। সূচক বাড়ার সঙ্গে সঙ্গে লেনদেনও বাড়তে থাকে। এ অবস্থায় গতকাল ডিএসইর লেনদেন এক হাজার ২৬ কোটি টাকায় উন্নীত হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ১১ শতাংশ বেশি।
ডিএসইর লেনদেনে প্রভাব রাখছে বস্ত্র খাত। সম্প্রতি রপ্তানিতে উৎসে কর কমিয়ে দেওয়ায় বস্ত্র খাতে লেনদেন বাড়ছে। রপ্তানিতে উৎসে কর দশমিক ৬ থেকে দশমিক ২৫ নামিয়ে এনে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। দেশ থেকে যত রপ্তানি হয়, তার ৮৩ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে। উৎসে কর কমিয়ে আনায় বস্ত্র খাতের কোম্পানির মুনাফা বাড়বে, এমন সম্ভাবনায় খাতটির বিভিন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বেড়ে গেছে।
গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৪ শতাংশ হয়েছে বস্ত্র খাতে। এছাড়া প্রকৌশল খাত ১৩ দশমিক ৬, ব্যাংক ১১ দশমিক ৬ ও ফার্মাসিউটিক্যালস খাতে ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ২ শতাংশ সম্পন্ন হয়েছে।
গতকাল ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৪৬টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ৭৬ শতাংশ শেয়ারের দরবৃদ্ধিতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বেড়েছে, যা গত আট মাসে সর্বোচ্চ। গত ১৮ ডিসেম্বর থেকে টানা ঊর্ধ্বগতিতে ডিএসইর প্রধান মূল্যসূচকটি ৪৬৯ পয়েন্ট বেড়ে ৫৬৮৭ পয়েন্টে উন্নীত হয়েছে। সূচক বাড়াতে অগ্রণী ভূমিকা ছিল ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, সেবা, বস্ত্র ও প্রকৌশল খাতের।
পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের চার কার্যদিবসে সিরামিক খাতের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ। এর বাইরে সেবা, ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, ব্যাংক, প্রকৌশল, জ¦ালানি ও তথ্যপ্রযুক্তি খাতের বাজার মূলধন বেড়েছে ৬ থেকে সাড়ে ৮ শতাংশ। এতে গতকাল লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৩ হাজার ২০৬ কোটি টাকায় উন্নীত হয়, যা গত ২৬ এপ্রিলের পর সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত