সংবাদ সম্মেলনে সুজন

নির্বাচন নিয়ে অভিযোগ খতিয়ে দেখেনি ইসি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০২:২১ এএম

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন (ইসি) তা খতিয়ে দেখেনি। আমরা এগুলো খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।’ গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার বলেন, ‘নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে ২৪৪ জনের (৮১ দশমিক ৮৭ শতাংশ) সম্পদ কোটি টাকার ওপরে। মহাজোটের সদস্যদের মধ্যে চার-পঞ্চমাংশেরও অধিক কোটিপতি। তবে নির্বাচনী হলফনামায় প্রার্থীদের সম্পদের প্রকৃত চিত্র উঠে আসে না। আমরা অনেক আগে থেকেই নির্বাচন কমিশনের কাছে (হলফনামার) ছকটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘ভোটের দিনে সারা দেশে সহিংসতা পরিলক্ষিত না হলেও সীমিত আকারের সহিংসতায় প্রাণহানি ঘটেছে কমপক্ষে ১৭ জনের; আহত হয়েছে দুই শতাধিক। এই দিনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল, অধিকাংশ এলাকাতেই বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনের মাঠে অনুপস্থিত। এমনকি বেশিরভাগ কেন্দ্রে পোলিং এজেন্টেরও অনুপস্থিতি ছিল।’

সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন ও বর্তমান মন্ত্রিসভার বিতর্কিতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির এমপিদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করার দাবি জানানো হয়। এছাড়া নির্বাচন-পরবর্তী হামলা নির্যাতন ও সহিংসতা কঠোরভাবে দমন করার পাশাপাশি রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ ও প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার রাজনীতির পরিবর্তে অন্তর্ভুক্তির রাজনীতিক সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও নির্বাহী সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত