কুষ্টিয়া সদরের আব্দালপুরে নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল রবিবার সকালের এই ঘটনায় নিহত মঈনুদ্দিন বিশ্বাস (৫৭) স্থানীয় ইউপি চেয়ারম্যানের চাচাত ভাই ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতার বাবা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালায়। এ সময় স্বপনের চাচাত ভাই মঈনুদ্দিন লোকজন নিয়ে প্রতিরোধ করতে গেলে তাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় মঈনুদ্দিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মঈনুদ্দিন আব্দালপুর গ্রামের মৃত জাদ আলী বিশ্বাসের ছেলে ও ইবি শাখা ছাত্রলীগ নেতা জুয়েল রানা হালিমের বাবা। আওয়ামী লীগ নেতা আলী হায়দার স্বপন গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হন।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইবি থানার ওসি রতন সেখ বলেন, এলাকায় দীর্ঘদিন ধরেই স্বপন ও গোলাম মোস্তফার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
