প্রথম হেভিওয়েট ম্যাচ আজ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০১:০৯ এএম

সে বড় নাটক হয়েছিল গেলবার। কেলেঙ্কারি ঘটলেও ‘বিপিএলের স্বার্থে’ শেষ পর্যন্ত সব ভালোয় ভালোয় শেষ হয়েছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্সের। প্লেয়িং কন্ডিশনে রিজার্ভ ডে ছিল না। খেলা বৃষ্টিতে থামার পর ধুন্ধুমার অবস্থা। অনেক নাটক শেষে পরের দিন ওখান থেকেই আবার খেলা শুরুর সিদ্ধান্ত। দুই রাউন্ডেই রংপুরকে হারানো কুমিল্লা শেষে হেরে গেল। ফাইনালে উঠতে ব্যর্থ। শেষ ম্যাচটা জিতে শিরোপা উৎসব করল রংপুর।

তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিতভাবে ভোলেনি তা। মাশরাফী বিন মোর্ত্তজার রংপুরই বা ভোলে কীভাবে। না ভোলা সেই পুরনো গল্প নিয়ে বিপিএলের নতুন আসরের শুরুতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা হয়ে যাচ্ছে তাদের। প্রতিপক্ষ হিসেবে। এবং বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম হেভিওয়েট ম্যাচের তকমাও এটাকে দিয়ে দেওয়া যাচ্ছে সহজে।

দিনের দ্বিতীয় ম্যাচ। সময়টা সন্ধ্যা ৫টা ২০ মিনিট। এবার তামিমের জায়গায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ নেতৃত্বে। কুমিল্লা সাধারণত বিপিএলের প্রথম ম্যাচ জেতে না। স্মিথ নাকি সবাইকে খুব ছোটাচ্ছেন। এবং জয় দিয়েই শুরু হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের অধিনায়ক মাশরাফীর সঙ্গে টস করার সময় অবশ্য স্মিথের মনে গেল আসরের কিছু উঁকি দেওয়ার কথা নয়। এটাই তার প্রথম বিপিএল। বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে আন্তর্জাতিকে ও দেশে নিষিদ্ধ। সেই অবসরে বিপিএলের রং বাড়িয়েছেন। তিনি হয়তো জেনে নিয়েছেন গেল আসরের প্রথম দেখায় তার দল মাশরাফীদের ১৪ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় জয়ের ব্যবধান ছিল ৪ উইকেটের। এসব দলকে উজ্জীবিত করার মন্ত্র তার কাছে। আর কোয়ালিফায়ারে ৩৬ রানের হারের কথা টেনে সবাইকে তাতিয়েও দিতে পারেন।

ক্রিস গেইলের অবশ্য কিছুই ভোলার কথা না। বাংলাদেশের ঘরের ছেলের মতো অবস্থা তার বিপিএলের ইতিহাসের সেরা পারফরমার হয়ে। কত কীর্তি। কিন্তু গেল আসরে ফাইনালে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কি না ১০ বলে ৩ রান করে আউট! অথচ দুই সেঞ্চুরিতে শেষ টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক ক্যারিবিয়ান ঝড়ই। টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন রংপুরের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। নিজেদের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পৌঁছতে দেরি হলো। সেটা এসে গেছে। এবং গতকাল দুপুরে মাথায় ফেট্টি বেঁধে হাতের ব্যাটটাকে গদা বানিয়ে একাডেমি মাঠের নেটে খুব পেটালেন বোলারদের। এখন ম্যাচে ‘গেইল শো’ শুরু হওয়ার অপেক্ষা।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরে এবার যাত্রা শুরু চ্যাম্পিয়নদের। অবশ্য রাইলি রুশো-রবি বোপারার ব্যাটিংয়ের পর বোলারদের চমৎকার বোলিং টানা দ্বিতীয় হার থেকে বাঁচিয়ে দিয়েছে। খুলনা টাইটান্স ভয় ধরিয়েও হেরেছে ৮ রানে। রংপুরের মেহেদী মারুফ গতকাল বলছিলেন, ‘আমাদের দলে গেইল আছে। গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। স্মিথের প্রথম বিপিএল। আমি বিগ বসকে এগিয়ে রাখব।’ বোলারদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফী।

এবি ডি ভিলিয়ার্সকে আরও পরে পাবে রংপুর। গেইলের প্রথম দুই ম্যাচ মিস হয়েছে। কিন্তু শিরোপার দাবিদার কুমিল্লা শুরু থেকেই লড়াকু দল পেয়েছে। স্মিথ আম্পায়ারের ভুলে ১৬ রানে আউট হয়েছিলেন। ইভিন লুইস ঝড় তুলতে পারেননি। তবে তামিমের গড়া ভিতকে পূর্ণতা দিয়ে শহিদ আফ্রিদি হয়েছেন ম্যাচ উইনার। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়ের ব্যাট হাসেনি। বোলাররা সিলেট সিক্সার্সকে আগে কম রানে বেঁধে রেখে বড় ভূমিকা রেখেছেন জয়ে। অফ স্পিনার মেহেদী হাসান আজকের হেভিওয়েট ম্যাচটাতে অবশ্য কাউকে পিছিয়ে রাখছেন না, ‘আমরাও গত ম্যাচ জিতেছি। ওরাও জিতেছে। ম্যাচটা খুব ভালো হবে আশা করি।’

দুই হেভিওয়েটের লড়াইয়ে একটা ভালো ম্যাচের প্রত্যাশা সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত