ঘামে নেয়ে গেছেন। জিম থেকে ফের মিরপুরের একাডেমি মাঠে ঢুকলেন সাকিব আল হাসান। পেছনে ত্রিমূর্তি। পাহাড়ের মতো কাইরন পোলার্ড। সঙ্গে আন্দ্রে রাসেল। সবার শেষে সুনিল নারিন। সব মিলে দুর্ধর্ষ চার। ঢাকা ডায়নামাইটসের ভাঁড়ারে আরও আছে!
আজকের প্রতিপক্ষ অধিনায়ক মাহমুদউল্লাহও বলছেন, ‘ঢাকা তো খুবই ভালো দল। কাগজে কলমে এবং পারফরম্যান্সে খুব ভালো করেছে। আগের ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করেছে।’
ভদ্রলোকের খেলায় প্রতিপক্ষকে সমীহ দেখানো ভদ্রতা। শক্তির কথা টেনে তা করলেও একটি কথা মনে উঁকি দেয়। দুই আসর আগে ফাইনাল খেলা অধিনায়ক তিনি। শিরোপা আসেনি। গেল দুই আসরে শেষ চারের দল তার খুলনা টাইটান্স। ফাইনালে ওঠা হয়নি। এবার প্রথম ম্যাচ হেরে শুরু। গেলবার হারে শুরু করেও শেষে বিপিএলের শিরোপা উঠেছিল মাশরাফী বিন মোর্ত্তজার হাতে। এবার শিরোপাটা অধিনায়ক বদলালে ক্ষতি কি!
ওদিকে মনেপ্রাণে গেইলের শিষ্য আফগান যুবা হজরতুল্লা জাজাই, ব্যাটিং অলরাউন্ডারের পরিচিতি না পেলেও প্রথম ম্যাচে ব্যাট জ্বলে ওঠা শুভাগত কিংবা দেশের অন্যতম সেরা রুবেল হোসেনরা জানিয়ে যান ধারে-ভারে তারাই এগিয়ে। জাজাই তো বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে, ছক্কার পর ছক্কা হাঁকিয়ে বিপিএল অভিষেককে স্মরণীয় করেছেন ম্যাচসেরার পুরস্কার জিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুরের প্রথম ম্যাচে আরও প্রমাণের অপেক্ষা তাদের।
শেষ বিপিএলের ফাইনালে হেরেছে এই টুর্নামেন্টের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন ঢাকা। সেই দুঃখ ভুলতে শুরু থেকেই তারা দাপটে। রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে ৮৩ রানের জয়ে ষষ্ঠ বিপিএল শুরু তাদের। এমন আত্মবিশ্বাসে যাদের শুরু তাদের বিপক্ষে যেকোনো প্রতিপক্ষেরই সাবধানে থাকার কথা।
খুলনা হেরে যাওয়া ম্যাচে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে কিন্তু শেষে ভয় ধরিয়ে দিয়েছিল। ১৭০ রানের টার্গেট তাড়া করে দুই ওপেনার পল স্টার্লিং-জুনায়েদ সিদ্দিকী ৯০ রানের জুটি দিয়েছিলেন। কিন্তু এরপর আঘাত হেনে ছন্দপতন ঘটান প্রতিপক্ষ বোলাররা। মাহমুদউল্লাহ নিজে দায়িত্ব নিয়েও পারলেন না। তার আউট আরেক টার্নিং পয়েন্ট। শেষে কার্লোস ব্রাফেটেও হয়নি। ৮ রানের হার। তা খুব তারা ঝলমলে দল মাহমুদউল্লাহর কখনো থাকে না। কিন্তু টি-টোয়েন্টির জন্য কার্যকর খেলোয়াড় থাকে। ঢাকার মতো কঠিন দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পারবে তারা? ওয়ানডে অধিনায়ক মাশরাফীর সঙ্গে শক্তিতে পেরে ওঠেননি। টেস্ট আর টি-টোয়েন্টিতে তিনি যার ডেপুটি সেই সাকিবের সঙ্গে কি এবার পারবেন মাহমুদউল্লাহ?
