বিশ্বের প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ঘোষণা দিয়েছে, তাদের নতুন স্মার্ট টিভির সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাপলের আইটিউনস। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সদ্য শুরু হওয়া কনজ্যুমার ইলেক্ট্রনিক (সিইএস) শোতে স্যামসাং এর শীর্ষ নির্বাহী কর্মকর্তা দেব দাস এটি নিশ্চিত করেন।
বিবিসি জানায়, স্মার্ট টিভিতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের এ মিউজিক সফটওয়্যারটি যুক্ত করার ঘোষণা এবারের সিইএস শোতে বড় ধরনের চমক ছিল।
বিশ্লেষকদের মতে, এ কৌশল দুই প্রতিষ্ঠানকেই উপকৃত করবে। এছাড়া উভয়ের মধ্যকার এ চুক্তি নেটফ্লিক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অ্যাপলকে একধাপ এগিয়ে নিয়ে গেল।
আইটিউনের মাধ্যমে অ্যাপলের ডিভাইস থেকে স্যামসাং এর স্মার্ট টিভিতে স্ট্রিম ভিডিও, ফটো ও মিউজিক সুবিধা সহজেই পাওয়া সম্ভব হবে। এ ছাড়া এয়ারপ্লে-২ ফিচার সুবিধাও পাওয়া যাবে স্মার্ট টিভিতে।
এর আগে আরেক প্রযুক্তি জায়ান্ট এলজি তাদের নতুন টিভির সঙ্গে এয়ারপ্লে ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছিল, তবে সেটির সঙ্গে থাকছে না আইটিউনস।
