নতুন বছরে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মাঝে বই পৌঁছে গেছে। সেই বই হাতে নিয়ে নিশ্চিতভাবে ওদের মুখে হাসি ফুটেছে। সরকারিভাবে বছরের শুরুতেই এখন বিনামূল্যে বই দেওয়ায় তাদের স্বপ্ন পূরণ হয়েছে। বই নিয়ে শুরু হয়ে গেছে ক্লাস। কিন্তু তাদের মনে এখন নতুন বই পড়ার সঙ্গে সঙ্গে নতুন একটা গাইডের খোঁজ করছে। তাই নতুন বই পাওয়ার পরপর এখন চলছে গাইড বই কেনার কাজ। লাইব্রেরিতে গিয়ে মোটা টাকা খরচ করে ভালো গাইড বই কিনতে এখন অভিভাবকরা হুমড়ি খেয়ে পড়ছেন।
অবশ্য আমরা মুখে যাই বলি না, কোনো গাইড বইয়ের প্রয়োজনীয়তার কথা আমরা একেবারে অস্বীকার করতে পারি কি? অন্তত যখন সৃজনশীল পদ্ধতির সঙ্গে ছাত্র তো আছেই শিক্ষকদের বড় অংশও ঠিকমতো বুঝে উঠতে পারেননি। সবার আগে সৃজনশীল পদ্ধতিটাকে শিক্ষকদের মাঝে বোধগম্য করে তুলতে হবে যেন কোনো প্রশ্ন তৈরি করতে গাইড বইয়ের সাহায্য নেওয়ার দরকার না হয়। আর তা না হলে গাইড বইয়ের বিরুদ্ধে শুধু লেখালেখিই হবে, কাজের কাজ কিছু হবে না।
অলোক আচার্য
পাবনা।
