অবিচার দরিদ্রতার মূল কারণ : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০১:০৩ এএম

দায়িত্ব পাওয়ার পর প্রথম কার্যদিবসে ‘অবিচারকে দরিদ্রতার মূল কারণ’ হিসেবে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগ ও কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

নতুন পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকারের কাক্সিক্ষত প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। আগামীতে আমার জন্য প্রথম চ্যালেঞ্জ হবে ১০ মেগাপ্রকল্পকে বেগবান করা। এজন্য প্রচুর অক্সিজেনের (অর্থ) প্রয়োজন। যদিও অর্থ মন্ত্রণালয় থেকে এ অক্সিজেন আসবে। তবে সেটাকে সমন্বয় করে টাইম মতো ইনফিউজ (ব্যবহার) করা হবে আমাদের কাজ। দ্বিতীয়টি হলোথ দরিদ্রতা নিরসন। এদেশে দরিদ্রতা বাড়ার পেছনে বহু অবিচার আছে। দরিদ্রতার প্রধান কারণ অবিচার। এসব অবিচার দূর করার জন্য যেসব আইনি ও সামাজিক কাঠামো পরিবর্তন করা দরকার, সেটা করে যাব। যদিও এটা বৃহৎ কাজ, তারপরও আমি আমার ওয়েতে (পদ্ধতি) করে যাব।’

অবিচার বলতে বলতে বৈষম্য বাড়ানোকে বোঝাচ্ছেন কি নাÑ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বৈষম্য তো আছে। মোট কথা হলো, মানুষ এমনিই দরিদ্র হয় না। বিভিন্নভাবে তাদের দরিদ্র করে রাখা হয়েছে।’ তৃতীয় চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গুণগত মান অর্জনের নিশ্চয়তায় যতটুকু সম্ভব করা।’

কাজের অগ্রাধিকারের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের যে গতি, সেখানে পরিকল্পনা কমিশনের একটা অবদান ছিল। আমি সেই প্রবৃদ্ধির গতিকে এগিয়ে নিতে চাই। পল্লী অঞ্চলে বিভাজন কমিয়ে আনতে চাই। যেসব মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে, তাদের সঙ্গে সমন্বয় করা হবে।’

তিনি বলেন, ‘আমাদের ঘরে ফিরে আসতে হবে। বাংলা ও বাঙালি হারিয়ে গেছে। আমরা এখন বিভ্রান্ত জাতি। আমাদের সেটা ফিরিয়ে আনতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিলাষ, এটা আমি করব।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শক্তিশালী করার বিষয়ে তিনি বলেন, ‘গ্লোবাল যে লিভিং সাইজ তা যেন মিশে যেত পারে সে উদ্যোগ নিতে হবে।’ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বিষয়ে বলেন, ‘যে উদ্দেশ্যে আইএমইডি সৃষ্টি করা হয়েছিল। সেই উদ্দেশ্য অর্জন হয়নি বলে আমি বিশ্বাস করি। পরিকল্পনা বিভাগের কাজকে আবার নতুন আঙ্গিকে শুরু করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত