সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল মঙ্গলবার। ঢাকার তোপখানা রোডে শ্রমিক কৃষক সমাজবাদী দলের আয়োজনে কমরেড নির্মল সেন মিলনায়তনের অস্থায়ী বেদিতে গতকাল সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে পালিত হয় নির্মল সেনের মৃত্যুবার্ষিকী।
রাজনীতিক, সাংবাদিকসহ তার ভক্ত-অনুরাগীরাও তাকে স্মরণ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। এছাড়াও দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্মল সেন স্মৃতি সংসদ স্মরণসভার আয়োজন করেছে।
স্কুলজীবনে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের মাধ্যমে নির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু। কলেজ জীবনে অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। দীর্ঘদিন শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাকে নির্মল সেন সাংবাদিকতা শুরু করেন। তারপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলায় সাংবাদিকতা করেন। নির্মল সেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতাও করেন। লেখক হিসেবেও নির্মল সেনের যথেষ্ট সুনাম রয়েছে। তার লেখা পূর্ব বই, পাকিস্তান থেকে বাংলাদেশ, মানুষ সমাজ রাষ্ট্র, বার্লিন থেকে মস্কো, মা জন্মভূমি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমার জবানবন্দি উল্লেখযোগ্য। ২০১৩ সালের ৮ জানুয়ারি ৮৩ বছর বয়সে নির্মল সেন মারা যান।
×
