হেলমেটবিহীন পলক

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৩:২৩ এএম

দপ্তরে যেতে হেলমেট ছাড়াই মোটরসাইকেলে চড়ায় সমালোচনার মুখে পড়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন গতকাল মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের দপ্তরে যাওয়ার সময় এ ঘটনা ঘটান তিনি।

মোটরবাইকে চেপে অফিসযাত্রার ছবি নিজের ফেইসবুক অ্যাকাউন্টের টাইমলাইনেও পোস্ট করেন পলক। তাতে তাকে হেলমেট ছাড়া অবস্থায় দেখা যায়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

সাভার স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা ফেরার পর পলক সংসদ ভবন থেকে মোটরবাইকে চেপে দপ্তরের উদ্দেশে যাত্রা করেন। তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তার মতবিনিময় সভার সময় নির্ধারিত ছিল দুপুর ১২টা।

মোটরসাইকেলে চেপে দপ্তরে যাওয়ার কারণ জানিয়ে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

তাতে বলা হয়, সংসদ ভবন থেকে আইসিটি টাওয়ারের উদ্দেশে রওনা হয়ে পলক যানজটে পড়ে প্রটোকল ছেড়ে মোটরসাইকেলে সওয়ার হন। প্রতিমন্ত্রী হিসেবে হেলমেট না পরে মোটরযান আইন ভাঙায় ফেইসবুকে পলকের পোস্টেই সমালোচনা করেন অনেকে।

এ ব্যাপারে জানতে রাতে প্রতিমন্ত্রী পলককে ফোন দেওয়া হলে ফোনের ওপাশ থেকে দেশ রূপান্তরকে বলেন, ‘স্যার, গণভবনে মিটিংয়ে।’

এই প্রসঙ্গে পলক অবশ্য একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘তাড়াহুড়ো করে যাওয়ার জন্য আমি যে বাইকের সাহায্য নিয়েছি, তার কাছে কোনো বাড়তি হেলমেট ছিল না। আর ওটা রাইড শেয়ারিংয়ের বাইকও ছিল না, ব্যক্তিগত বাইক ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত