বার্সেলোনার উসমানে দেম্বেলেকে অবিশ্বাস্য একজন ফুটবলার হিসেবে দেখছেন পিএসজি কোচ টমাস টুখেল। অবশ্য তার মতে, তরুণ এই ফরোয়ার্ড ‘কিছুটা মাথা গরম’ স্বভাবের।
শৃঙ্খলা ভঙ্গের কারণে চলতি মৌসুমে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন দেম্বেলে। তবে সমালোচনা তার পারফরম্যান্সকে স্পর্শ করতে পারেনি। দারুণ ছন্দে আছেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ২৩ ম্যাচে করেছেন ১০ গোল; সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচ গোল। বার্সেলোনাকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রাখতে গুরুত্বপূর্ণ অবদান বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক খেলোয়াড় দেম্বেলের।
২১ বছর বয়সী এই খেলোয়াড়কে ভালো করেই জানেন টুখেল। ২০১৬-১৭ মৌসুমে বরুশিয়া থেকে বার্সেলোনায় পাড়ি জমানোর আগে জার্মান এই কোচের অধীনে এক মৌসুম খেলেছিলেন দেম্বেলে।
ফরাসি এই খেলোয়াড়ের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানালেন গত মে মাসে পিএসজির কোচের দায়িত্বে আসা টুখেল।
“উসমানে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। সে খুবই প্রতিভাবান। প্রতিটা অনুশীলন সেশনেই আমি তার দারুণ সব দক্ষতা দেখতাম।”
“সে মানুষ হিসেবেও অসাধারণ। কিছুটা মাথা গরম। সে খুব ভালো একটা ছেলে, কিন্তু কিছুটা রাগী। সে হাসাঠাট্টা করতে ভালোবাসে. তবে আলাপ আলোচনায় খুবই মনোযোগী। এটা কখনোই বিরক্তিকর নয়।”
দেম্বেলের বার্সেলোনায় যাওয়ার ব্যাপারটা আগে থেকেই জানতেন বলে জানালেন টুখেল।
“খেলায় যথেষ্ট মনোযোগী হলে সে যেকোনো পর্যায়ে পৌঁছাতে পারে। আমি যখন তার সঙ্গে প্রথম কথা বলেছিলাম, তখন আমাকে বলেছিল সে বার্সেলোনার হয়ে খেলতে চায়। এখন সে ওই ক্লাবটিতেই আছে।”
“এর মানে যেকোনো পর্যায়ে পৌঁছাতে পারে। তবে তার মনোযোগটা ধরে রাখার দরকার এবং প্রতিদিনই তাকে উন্নতি করতে হবে।... সে খুবই ভালো ছেলে। তার সঙ্গে দারুণ একটি বছর কেটেছিল।”
