জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১৫ জনকে আটক করেছে ওয়ারী থানার পুলিশ। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেয়।
জবির দশম ব্যাচের ছাত্র আরাফাত ও তৌফিক জানায় যে, গতকাল রাতে (৮ জানুয়ারি) প্রথমে সন্দেহজনক ভাবে একজনকে নিয়ে যাওয়া হয় থানায়। পরবর্তীতে জবির কিছু শিক্ষার্থী সহপাঠীকে ছাড়াতে গেলে তাদের আটক রেখে মারধর করা হয়। দ্বিতীয় দফায় আটককৃতদের অবস্থা জানতে আরও কিছু শিক্ষার্থী থানায় গেলে তাদেরও আটক করে মারধর করা হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জবির সাধারণ শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে আটক ছাত্রদের ছেড়ে দেওয়া হলে, আটকের সঙ্গে জড়িত পুলিশ বিচারের দাবিতে বুধবার সকাল ১০ টার দিকে জবির গেটের সামনে সমবেত হয়ে রাস্তা অবরোধ করে রাখে ছাত্ররা।
