মজুরিকাঠামো নিয়ে বিক্ষোভকালে সাভারে শ্রমিক সুমন মিয়ার নিহত হওয়ার ঘটনাকে হত্যা দাবি করে এর বিচার চেয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এই বিক্ষোভ ও শ্রমিকের মৃত্যুর জন্য পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএকে দায়ী করেছে সংগঠনটি। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি করা হয়।
এ সময় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘এই আন্দোলন ও শ্রমিক হত্যার দায় বিজিএমইএকে নিতে হবে। কারণ তারা দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। এই শ্রমিক হত্যার বিচার হতে হবে। যতক্ষণ বিচার না হবে আমরা ঘরে ফিরে যাব না।’ শ্রমিক নেতা জিয়াউল কবির খোকনের মুক্তির দাবি জানান তিনি।
অন্য বক্তারা অভিযোগ করেন, গত চার দিনে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের হামলায় শত শত শ্রমিক আহত হয়েছেন। অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। সাভারের আনলিমা অ্যাপারেলস কারখানার শ্রমিক সুমন মিয়াও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তারা বলেন, সংকট সমাধানের পরিবর্তে সরকার শক্তি দিয়ে আন্দোলন দমন করতে চাইলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে। নিম্নতম মজুরি ১০ হাজার এবং মোট মজুরি ১৬ হাজার টাকা কার্যকর করার দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম, শ্রমিক নেতা আসলাম খান প্রমুখ।
