খাগড়াছড়ির পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। গতকাল বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের কদমতলীর অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তরা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, আর যদি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে আঘাত করা হয় তাহলে তার পরিণাম ভালো হবে না।
জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মংশেইপ্রু চৌধুরী অপু, শ্রমবিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম, খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস প্রমুখ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারের দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা ও পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন।
