মানিয়ে নেওয়ার সামর্থ্য বাড়াতে বললেন মুশফিক

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ এএম

এবারের বিপিএলের প্রথম সাত ম্যাচ শেষে ফিফটি ৬টি। তা ৫ বিদেশির। জাতীয় দলের ব্যাটসম্যানদের বলার মতো কিছু নেই। সংখ্যায় আরো বেশি স্থানীয় ব্যাটসম্যানদের অবস্থাও একই। কিন্তু মুশফিকুর রহিম মিরপুরের উইকেটকে দুষছেন না। তার বিশ্বাস, দেশি ব্যাটসম্যানদের এখানে মানিয়ে নেওয়ার সামর্থ্য আরো বাড়াতে হবে। সেই সঙ্গে সারা বছর যাদের টি-টোয়েন্টি খেলার সুযোগ নেই তাদের জন্য ভিন্ন একটি টুর্নামেন্টের দাবিও জানালেন।

গতকাল মুশফিকের চিটাগং ভাইকিংস ৫ রানে হেরেছে সিলেট সিক্সার্সের কাছে। তবে তার সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসে উইকেট আর দেশের ব্যাটসম্যানদের প্রসঙ্গ। তিনি নিজে দুই ম্যাচে করেছেন ৩০। মুশফিক বললেন, ‘যারা জাতীয় দলের বাইরে আছে তাদের ভালো করাটা কঠিন। সারা বছর কিন্তু এই একটি টুর্নামেন্টই তারা খেলে। এমনকি অনুশীলন ম্যাচও খেলে না। এসেই ক্লিক করা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আমরা যারা জাতীয় দলে খেলি আমাদের সঙ্গে তুলনা করলে তো বটেই। আমরা সারা বছরই তিনটি ফরম্যাটে খেলি। এমনকি বাংলাদেশেও খেলি। আমাদের জন্য তুলনামূলক সহজ।’

প্রতিবার মিরপুরের উইকেটের সমালোচনা হয় বেশি। কিন্তু মুশফিক বললেন, ‘উইকেটের চাইতে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ানো উচিত। বিশ্বে যেসব টি-টোয়েন্টি খেলা হয়, অনেক রান হয়। আমাদের এখানে একটু ভিন্ন। আমরা তো জানি আমাদের এখানে কী কন্ডিশন। আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আরও বাড়ানো উচিত।’ তবে তার বিশ্বাস, ‘যত দিন যাবে জাতীয় দলের খেলোয়াড়রা আরো বড় বড় ইনিংস খেলবে এবং তারাই লিড দেবে।’

জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের জন্য মুশফিকের দাবি, ‘আমার মনে হয় এটার (বিপিএল) বাইরেও যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায়; এ রকম একটা স্লট করা যায়, তাতে যারা বাইরে শুধু তাদের জন্যই নয়, আমাদের জন্যও কাজে দেবে। ঠাসা সূচির কারণে হয়তো কঠিন। কিন্তু যারা বাইরে আছে তাদের নিয়ে একটা টুর্নামেন্ট করলে যেকোনো একটা দল করতেও সহজ হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত