ধর্ষণ মামলায় অলোক নাথের আগাম জামিন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১০:০৮ এএম

বলিউড সিনেমায় ‘সংসারী বাপু’ নামে পরিচিতি অলোক নাথ ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন। মুম্বাইয়ের এক দায়রা আদালত সপ্তাহখানেক আগে এক পর্যবেক্ষণে জানায়, ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতেই অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন পরিচালক বিনতা নন্দা।

আনন্দবাজার পত্রিকা জানায়, পাঁচ লাখ রুপি জামানতের বিনিময়ে বাষট্টি বছরের অভিনেতার আগাম জামিনও মঞ্জুর করেন বিচারক।

মঙ্গলবার সন্ধ্যায় সেই নির্দেশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে বিচারকের বরাতে লেখা হয়, সম্পূর্ণ ভুল ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে অভিযোগকারিণী পুলিশে এফআইআর করেছিলেন।

২০১৮ সালের শেষের দিকে বলিউডে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সময় নাম না করে অলোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন বিনতা। পরে ওশিওয়ারা থানায় তিনি এফআইআর করেন।

প্রাথমিকভাবে অবশ্য আদালতের পর্যবেক্ষণ, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই এই অভিযোগ এনেছেন বিনতা। ধর্ষণের ঘটনা খুঁটিয়ে মনে রাখা সত্ত্বেও বিনতা কেন ঘটনার তারিখ মনে রাখেননি, সেই প্রশ্ন তুলেছে আদালত।

ঘটনার দুই দশক বছর পরে কেন তিনি মামলা দায়ের করলেন, সেই প্রশ্নও উঠেছে। অলোক যে বিনতাকে হুমকি দিতেন, সেই প্রমাণ নেই বলে জানিয়েছে আদালত।

আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, অলোক নাথের প্রতি একতরফা প্রেম ছিল বিনতার। অলোকের স্ত্রী আশু ও বিনতার গাঢ় বন্ধুত্ব ছিল। পরে কাজের সূত্রে অলোক নাথের সঙ্গে তাঁদের পরিচয় হয়। অলোকের সঙ্গে আশুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু’জনে বিয়েও করেন। এ সময় একা হয়ে পড়েন বিনতা। প্রিয় বান্ধবীর সঙ্গে অলোকের বিয়ে তিনি মেনে নিতে পারেননি। এত বছর পরে প্রতিহিংসা বশেই অলোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন বিনতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত