রিয়ালে দিয়াসের ‘স্বপ্নের মতো’ অভিষেক হয়েছে

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০২:৩৭ পিএম

রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচ খেলার পর উচ্ছ্বসিত ব্রাহিম দিয়াস। ক্লাবটির হয়ে প্রথমবারের মতো মাঠে নামাটার অভিজ্ঞতা ‘স্বপ্নের মতো’ ছিল বলে জানালেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসকে ৩-০ গোলে হারায় রিয়াল। একটি করে গোল করেন সের্হিও রামোস, লুকাস ভাসকেস ও ভিনিসিউস জুনিয়র।

ম্যাচটির ৭৮তম মিনিটে ভিনিসিউসের বদলি হিসেবে নামেন সম্প্রতি ম্যানচেস্টার সিটি থেকে সাড়ে ছয় বছরের চুক্তিতে রিয়ালে নাম লেখানো দিয়াস। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটিতে নিজের অভিষেক নিয়ে উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী এই ফুটবলার।

“অসাধারণ, অবিস্মরণীয় ও বিশেষ একটা দিন। বের্নাবেউয়ে আমার অভিষেকটা দারুণ হয়েছে। ছোটবেলা থেকেই আমি এই স্বপ্ন দেখে এসেছি। ম্যাচটিতে জয় আমার স্বপ্ন আরও স্মরণীয় করে তুলেছে।...আমি আমার রুমে অভিষেক জার্সিটা ঝুলিয়ে রাখব।”

“সের্হিও রামোস (রিয়াল অধিনায়ক) আমাকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, এভাবে খেলা চালিয়ে যেতে। যাতে করে, আমি আরও বেশি সময় খেলার সুযোগ পাই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত