যুবদল নেতা চাঁদা না দেওয়ায় যুবলীগ কর্মীর গুলি: নারীসহ আহত ৭

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৮:৫৯ পিএম

সাভারে যুবদল নেতা এক ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় তার কার্যালয়ে গুলি করার অভিযোগে উঠেছে যুবলীগ কর্মী রাসেল মাদবর ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারী ও শিশুসহ গুলিবিদ্ধ হয়েছে সাতজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধরা হলেন সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মো. মতিন মিয়ার ছেলে এবং ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী মো. অপু আহমেদ (২৩), মজিদপুর মহল্লার মো. ইউনুসের ছেলে মো. ইসমাইল (২৭), মো. রেজাউল করিম (২৮), সুমাইয়া আক্তার (২২) ও ডলি আক্তার (৩৯), আলেয়া পারভীন (২৮) ও শরীফ (২৬)।

ভুক্তভোগী ব্যবসায়ী সাভার পৌর যুবদলের সহ-সভাপতি ইউনুছ পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে শাহীবাগ এলাকায় ইন্টারনেট ব্যবসা করি। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল মাদবরের ছেলে রাসেল মাদবর আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

‘দাবিকৃত টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সকালে রাসেল মাদবর তার সন্ত্রাসীবাহিনী নিয়ে আমার অফিসে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে আমার কর্মচারী অপুসহ সাতজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে’।

গুলিবিদ্ধ ডলি আক্তারের স্বামী হুমায়ন কবির বলেন, হঠাৎ গুলির শব্দ শুনে তার স্ত্রী ও মেয়ে পাঁচতলার বাসার বারান্দায় এসে দাঁড়ায়। এসময় কিছু বুঝে ওঠার আগে হঠাৎ গুলি এসে স্ত্রীর কোমরের নিচে ও মেয়ের বাম হাতে বিদ্ধ হয়। পরে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাসেল মাদবরকে না পেয়ে তার বাবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল মাদবরের সঙ্গে কথা হলে তিনি বলেন, সকালে পূর্বশক্রুতার জের ধরে যুবদল নেতা ইউনুছ পারভেজ ও তার লোকজন আমার বাসায় হামলা চালিয়ে গুলি ছুঁড়েছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক তমাল রায় বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় অপু আহমেদ নামে একজন রুগি আসে। তার বুকে এবং পেটে গুলি লেগেছে। পরবর্তীতের রেজাউল ও ইসমাইল নামে আরও দুই যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত