মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর নসিহত দিয়ে অভিভাবকদের উদ্দেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, তাদের বড়জোর চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ান, যাতে স্বামীর পয়সার হিসাব তারা করতে পারে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন।
আহমদ শফী বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। বেশি হলে ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। বিয়ে দিলে স্বামীর টাকা পয়সা হিসাব করতে হবে। চিঠি লিখতে হবে স্বামীর কাছে। আর বেশি যদি পড়ান, পত্রপত্রিকায় দেখছেন আপনারা, মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে আপনার মেয়ে থাকবে না। অন্য কেহ নিয়ে যাবে। পত্রপত্রিকায় এ রকম ঘটনা আছে কি না? ওয়াদা করেন। বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না। টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ।’
হেফাজতের আমির বলেন, ‘মহানবীর (সা.) আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। যারা মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করবেন তারা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবেন। পরকালে তারাই হবেন সফল ব্যক্তি।’
হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শেখ আহমদ, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ফোরকান আহমদ ও মাওলানা নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
