ভাইয়ের মৃত্যুর শোক সইল না আধা ঘণ্টাও

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০২:১০ এএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় ফুপাতো ভাইয়ের মৃত্যুর খবরে শোকাহত হয়ে আধা ঘণ্টার ব্যবধানে মামাতো ভাইয়েরও মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় শ্রীরামপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গোলাম মোস্তফা খান (৪২)। ফুপাতো ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে এসে অসুস্থ হয়ে আধা ঘণ্টা পর মারা যান মামাতো ভাই সেরজন আলী খান (৫০)।

গোলাম মোস্তফার চাচাতো ভাই খলিলুর রহমান জানান, গোলাম মোস্তফা শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের পরপর দুবারের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি এদিন সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভিজিডির চাল বিতরণ শেষে রাত ৮টার দিকে বাড়ি ফিরে অসুস্থবোধ করেন। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। মোস্তফার মৃত্যুর খবরে প্রতিবেশী মামাতো ভাই সেরজন তাকে দেখতে এসে অচেতন হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তিনিও মারা যান।

গতকাল শুক্রবার বিকেলে জানাজা শেষে দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত