নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশ্বাসের ওপর আমাদের মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছেন, আমরা তার বিশ্বাসের মর্যাদা দিয়ে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব।’ গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভর্তি ও পরীক্ষার অতিরিক্ত ফি নেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘যেসব বিদ্যালয়ে নিয়ম বেঁধে দেওয়া আছে, সেই নিয়ম মেনে তারা ভর্তি করবে। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ দীপু মনি আরও বলেন, ‘বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, প্রতিটি শিশুকে স্কুলমুখী করা এবং ঝরে পড়া রোধসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।’
