সিলেটকে হারিয়ে জয়ধারায় সাকিবের ঢাকা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১০:৪২ পিএম

ব্যাটিংয়ে বড় সংগ্রহের পর বোলিংয়েও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে ঢাকা ডায়নামাইটস। সিলেট সিক্সার্সের বিপক্ষে দারুণ জয়ে চলতি বিপিএল টি-টোয়েন্টিতে অপরাজিত থাকার ধারা ধরে রেখেছে সাকিব আল হাসানের দল।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ম্যাচে সিলেটকে ৩২ রানে হারায় ঢাকা। এই জয়ে চলতি আসরে এখন পর্যন্ত চার ম্যাচের চারটিতেই জয় পেল দলটি। ৮ পয়েন্টে শীর্ষস্থান করল আরও মজবুত।

১৭৪ রানের লক্ষ্যে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে ডেভিড ওয়ার্নারের সিলেট।

শুরুতে থেকেই হারায় সিলেট। সাকিব, সুনিল নারাইন, রুবেল হোসেন, শুভাগত হোমের বোলিংয়ের সামনে দলীয় ৩৭ রানেই প্রথম পাঁচ উইকেট হারায় দলটি।

একাই লড়েছেন ক্যারিবিয়ান ব্যাটনম্যান নিকোলাস পুরান। দলীয় ১২৫ রানে রুবেল হোসেনের বলে রনি তালুকদারের হাতে ক্যাট দেওয়ার আগে করেন ৭২ রান। তার ৪৭ বলের ইনিংসটিতে রয়েছে এক চার ও নয় ছক্কা।

বাকিদের মধ্যে সাব্বির রহমান (১২) ও তাসকিন আহমেদ (১৮*) ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি বাকিদের কেউই।

ঢাকার বোলারদের মধ্যে পেসার রুবেল ৩ উইকেট নিয়েছেন ২২ রানের খরচায়। দুটি করে উইকেট নেন সাকিব ও শুভাগত। একটি করে উইকেট নারাইন ও আলিস আল ইসলামের।

এর আগে আশাব্যঞ্জক শুরু পায়নি ঢাকাও। তবে রনি তালুদারের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৩।

দলীয় ৪ রানে উইকেট ছাড়া হন আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই। শুরুর ধাক্কাটা দ্বিতীয় উইকেট জুটিতেই কাটিয়ে তুলে দলটি। সুনিল নারাইনের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন তিন নম্বরে ব্যাট করতে নামা রনি।

এই জুটিকে আর সামনে এগুতে দেননি অলক কাপালি। ২১ বলে ২৫ রান করা নারাইনকে উইকেট ছাড়া করেন সিলেটের এই বোলার। দলীয় ১০৬ রানে উইকেট ছাড়া হন রনি। আফিফ হোসেনের বলে পুরানের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ৫৮ রান। তার ৩৪ বলের ঝড়ো ইনিংসটিতে রয়েছে পাঁচটি চার ও তিনটি ছক্কা।

আগের দুই ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮ ও খুলনা টাইটান্সের বিপক্ষে ২৮ রান করেছিলেন ডানহাতি ব্যাটার রনি।

লম্বা ইনিংস খেলার পথেই এগুচ্ছিলেন সাকিব। ঢাকার অধিনায়কের সেই আশায় বাদ সাধেন সিলেটের আল আমিন হোসেন। ১৭ বলে তিন চারে ২৩ রান করা সাকিবকে উইকেট ছাড়া করেন এই পেসার।

আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলা কাইরন পোলার্ড এবার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। তাসকিন আহমেদের বলে কাপালির হাতে ক্যাচ দেন ঢাকার এই ক্যারবীয় ব্যাটসম্যান। একই দশা তার স্বদেশী আন্ড্রে রাসেলেরও। দুই অঙ্ক স্পর্শ করার আগেই তাকে কট অ্যান্ড বোল্ড করেছেন তাসকিন।

শেষ দিকে দ্রুত রান তুলেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নাইম। অষ্টম উইকেটে তাদের অপরাজিত ৪৮ রানের জুটিতে বড় সংগ্রহে পৌঁছায় ঢাকা। সোহান ১০ বলে ১৮ ও নাইম ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।

বোলিংয়ে ছন্দ ধরে রেখেছেন সিলেটের তাসকিন। সবশেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে চার উইকেট নেওয়া এই পেসার এবার ৩৮ রানে নিলেন তিন উইকেট।

একটি করে উইকেট নেন সোহেল তানভির, আল আমিন, কাপালি ও আফিফ হোসেন।

ম্যাচ সেরা হয়েছেন ঢাকার রনি তালুকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত