পেরেরা ঝড়ে কুমিল্লার সংগ্রহ ১৮৪

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৮:৫১ পিএম

আট নম্বরে ব্যাটে ঝড় তুললেন থিসারা পেরেরা। ছক্কা-চারে বোকা বানালেন চিটাগং ভাইকিংসের বোলারদের। শ্রীলঙ্কার এই ব্যাটারের নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে বিশাল সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর স্টেডিয়ামে রোববার বিপিএল টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ২০ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮৪ রান।

টসে হেরে প্রথমে ব্যাট করা ইমরুল কায়েসের দলের শুরুটা ছিল খুবই বাজে। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তামিম ইকবালকে হারায় তারা।

শুরুর ধাক্কাটা কাটিয়ে তোলার চেষ্টা করেন অপর ওপেনার এভিন লুইস। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি এনামুল হক (১০)। দলীয় ২১ রানে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আবু জায়েদের বলে ফ্রাইলিঙ্কের হাতে ক্যাচ দিলে দ্বিতীয় উইকেট হারায় কুমিল্লা।

তৃতীয় উইকেটে অনেকটা ঘুরে দাঁড়ায় সাবেক চ্যাম্পিয়নরা। অধিনায়ক ইমরুলের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন লুইস। কিন্তু একাদশ ওভার শেষে বড় ধাক্কা খায় কুমিল্লা। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ৩৪ বলে ছয় চারে ৩৮ করা ক্যারিবিয়ান লুইস।

খালেদ আহমেদের করা পরের ওভারের প্রথম বলেই উইকেট ছাড়া হন ২০ বলে ২৪ রান করা ইমরুল। কুমিল্লার সংগ্রহ তখন ৩ উইকেটে ৭৫। একই ওভারের পঞ্চম বলে উইকেট ছাড়া হন লিয়াম ডসন।

টিকতে পারেননি শহীদ আফ্রিদিও। চতুদর্শ ওভারে খালেদকে খেলতে গিয়ে স্টাম্পে লাগে তার ব্যাট। ষষ্ঠ উইকেট জুটিতে আর উইকেট পড়তে দেননি মোহাম্মদ সাইফউদ্দিন ও পেরেরা। ৪০ বলে ৯৬ রানের জুটি গড়েন তারা।

২৬ বলে তিন চার ও ৮ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন পেরেরা। ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৬ রান করেন সাইফউদ্দিন।

চিটাগংয়ের বোলারদের মধ্যে চার ওভারে ৩৪ রানের খরচায় তিন উইকেট নেন খালেদ। একটি করে উইকেট নেন ফ্রাইলিঙ্ক ও আবু জায়েদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত