বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ২০ কোটি ইউএস ডলারের ঋণচুক্তি গতকাল রবিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাক্ষর হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নযোগ্য ‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’-এর অনুকূলে এই চুক্তি স্বাক্ষর হয়।
সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমদ এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’-এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের আট জেলা, ঢাকা বিভাগের পাঁচ জেলা, খুলনা বিভাগের সাত জেলা, রাজশাহী বিভাগের ছয় জেলা এবং রংপুর বিভাগের আট জেলার সর্বমোট ১৮০টি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হবে।
প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ২৮ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। এর মধ্যে এডিবি ২০ কোটি ডলার ঋণ হিসেবে দেবে।
অবশিষ্ট আট কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার সরকার জোগান দেবে। এডিবি প্রদেয় ২০ কোটি ডলারের মধ্যে ১০ কোটি ডলার সহজ শর্তের অর্ডিনারি অপারেশন্স (কনসেশনাল) ঋণ (সিওএল) হিসেবে দেওয়া হবে। সিওএল ঋণের সুদের হার ২ শতাংশ। অবশিষ্ট ১০ কোটি ডলার রেগুলার ওসিআর হিসেবে দেওয়া হবে।
অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস (ওসিআর) ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট (এলআইবিওআর) ভিত্তিক। এ ছাড়া দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম ও অব্যয়িত অর্থের ওপর দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ ওসিআর ঋণের জন্য প্রযোজ্য হবে।
উল্লেখ্য, এডিবি প্রদেয় এ ঋণ পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছর পরিশোধযোগ্য।
স্থানীয় সরকার বিভাগ উল্লিখিত প্রকল্পের উদ্যোগী বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। প্রকল্পের বাস্তবায়নকাল গত বছরের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি গত ৯ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়।
প্রকল্পের উদ্দেশ্য হলো উৎপাদনশীল কৃষি এলাকায় উচ্চ আয় সৃষ্টি ও আর্থসামাজিক কেন্দ্রে যাতায়াত সুগম করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সংযোগ উন্নয়ন এবং কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীজনের সক্ষমতা বৃদ্ধি করা। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে দুই হাজার ২১০ কিলোমিটার উপজেলা সড়ক এবং ৪৯৫ কিলোমিটার ইউনিয়ন সড়ক অবকাঠামোগুলোকে জলবায়ু সহিষ্ণু এবং নিরাপত্তার বৈশিষ্ট্য সম্বলিত আবহাওয়া উপযোগী মানে উন্নীত করা হবে।
