সংলাপ নয়, ধন্যবাদ জানাতে দাওয়াত দিচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০১:৫৯ এএম

দলীয় সরকারের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে সব দলের অংশগ্রহণে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সব দলের নেতাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়ে বলেছেন, দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে ৩০ ডিসেম্বর। এই অর্জন সবার। এজন্য চলতি মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ধন্যবাদ জানানোর এই আয়োজন হতে পারে। আয়োজনটা শীতকালীন পিঠা উৎসবের মতোও হতে পারে। তবে এই আয়োজন সংলাপের জন্য নয়, শুধুই দাওয়াতের জন্য। প্রধানমন্ত্রী আনন্দঘন পরিবেশে নেতাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছেন। সে জন্যই এই আয়োজন।

তারা জানান, গত ১১ জানুয়ারি এই আয়োজনের তারিখ নির্ধারণ করা ছিল। অনিবার্য কারণে সে তারিখ পিছিয়ে যায়। অনুষ্ঠানে বিএনপি, গণফোরাম এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টসহ সব রাজনৈতিক দলের নেতারা দাওয়াত পাবেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক নেতা বলেন, ওইদিন সরকার পরিচালনা নিয়ে কোনো রাজনৈতিক দলের পরামর্শ থাকলে শুনবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এটা সংলাপের কোনো বিষয় নয়। সংলাপের এখন কী প্রয়োজন সে প্রশ্নও এ সময় করেন তিনি। গতকালই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপে বসবেন। তার এই বক্তব্যে সংলাপের বিষয়টি আবারও সামনে এসেছে। তবে আওয়ামী লীগের ওই কেন্দ্রীয় নেতারা বলেন, সংলাপের বিষয়টি আমাদের জানা নেই। আমরা জানি, একাদশ সংসদ নির্বাচনের আগে যেসব দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক সংলাপ হয়েছিল তাদের গণভবনে দাওয়াত দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হবে।

আর তাই সব দলের নেতাদের গণভবনে একদিন আমন্ত্রণ জানানোর ইচ্ছে ব্যক্ত করেছেন সরকারপ্রধান শেখ হাসিনা। ওইদিন সবার সঙ্গে গল্প-গুজব করবেন তিনি। দলের বিভিন্ন পর্যায়ের যেসব নেতানির্বাচনী কাজে সম্পৃক্ত ছিলেন তাদেরও একই আয়োজনে দাওয়াত থাকবে গণভবনে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক নেতাও বলেন, সংলাপ অর্থে এই দাওয়াত নয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, গত শনিবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভায় একটা সিদ্ধান্ত হয়েছে যারা নির্বাচনের আগে সংলাপে যোগ দিয়েছেন, তাদের গণভবনে আমন্ত্রণ জানাবেন তিনি। এখানে সব রাজনৈতিক দলের নেতারা থাকবেন। এটা সংলাপ কি না- জানি না। ফারুক খান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে এজন্য সবাইকে ধন্যবাদ জানানো এর উপলক্ষ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের নেতারা সংলাপে অংশ নিয়েছিলেন তাদের গণভবনে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ে সবার সঙ্গে একটা মতবিনিময় অনুষ্ঠান হতে পারে। সংলাপের বিষয়টি আমার জানা নেই। অপর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নির্বাচনের আগে সংলাপ করেছেন, তাদের গণভবনে দাওয়াত করতে চান। গত শনিবার একটি সভায় তার এই আগ্রহের কথা নেতাদের জানান প্রধানমন্ত্রী। ওই দাওয়াতে যারা একাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে বিভিন্নভাবে কাজ করেছেন তারাও দাওয়াত পাবেন। আব্দুর রহমান বলেন, সরকার পরিচালনায় কারও পরামর্শ থাকলে সেদিন তা নেবেন শেখ হাসিনা। তিনি বলেন, ব্যাপারটা সংলাপের কোনো বিষয় নয়, রাজনীতিকদের জন্য প্রধানমন্ত্রীর দাওয়াত মাত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত