জেএসসি-জেডিসির ফল

পুনঃনিরীক্ষার আবেদন লাখের বেশি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০২:৫৬ এএম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনঃনিরীক্ষার জন্য উত্তীর্ণ ও অনুত্তীর্ণ শিক্ষার্থীরা প্রায় লক্ষাধিক আবেদন করেছে বলে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা বোর্ডে ৩৬ হাজার ২১৬ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষার জন্য ৫৬ হাজার ৩২১টি আবেদন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইংরেজিতে ১৫ হাজার ৬৫৪টি, গণিতে ১২ হাজার ৩৩১টি এবং বিজ্ঞানে ১০ হাজার ৫০২টি আবেদন জমা হয়েছে।

কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৮৫৩ পরীক্ষার্থী ১২ হাজার ৮৫৩টি আবেদনের মধ্যে ইংরেজিতে ২ হাজার ৯০৪টি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে ২ হাজার ৫৬০টি ও গণিতে ২ হাজার ৩৫৫টি। যশোর বোর্ডে ৭ হাজার ১২০ শিক্ষার্থী ১০ হাজার ৫৬৩ বিষয়ে আবেদন করেছে। চট্টগ্রাম বোর্ডে ৮ হাজার ৪০৮ পরীক্ষার্থী ১২ হাজার ৪০৮টি বিষয়ে আবেদন করেছে। বরিশাল বোর্ডে তিন হাজার ২ হাজার ৫০১ পরীক্ষার্থী ৩ হাজার ৪৬৫টি আবেদন করেছে। রাজশাহী বোর্ডে ৭ হাজার ৯৪৩ বিষয়ে আবেদন জমা হয়েছে। দিনাজপুর বোর্ডে ছয় হাজার ২৭১ জন পরীক্ষার্থী ১০ হাজার ৪২৩টি বিষয়ের জন্য আবেদন করেছে।

এছাড়া সিলেট বোর্ডে ৬ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসিতে ৮ হাজার ৮৭০ পরীক্ষার্থী আবেদন করলেও বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা জানা যায়নি। এই দুটি বোর্ড ছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলো মিলে পুনঃনিরীক্ষার জন্য আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৯০টি। এসব আবেদনের জন্য প্রতি বিষয়ে পরীক্ষার্থীদের ১২৫ টাকা করে ফি দিতে হয়েছে। এতে বোর্ডগুলোর অন্তত আড়াই কোটি টাকা আয় হয়েছে। বিভিন্ন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা জানান, পুনঃনিরীক্ষণে সাধারণত উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট সঠিকভাবে করা হয়েছে কি না- এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেওয়া হয়।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ার কারণেই মূলত আবেদন করে শিক্ষার্থীরা। তবে এবার বিগত বছরের তুলনায় ঢাকা বোর্ডে আবেদনের সংখ্যা বেশি নয়।’

তিনি বলেন, প্রথা অনুযায়ী ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়। সে হিসেবে ২৪ জানুয়ারির মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত