রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বল্পমূল্যে সাধারণ মানুষকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি প্রতিনিধিদল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি বলেন, ‘সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।’
পরে রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব এম জয়নুল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে আবদুল হামিদ বলেন, ‘চিকিৎসা মানুষের মৌলিক অধিকার এবং চিকিৎসকদের উচিত সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করা, যাতে সাধারণ মানুষ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পায়।’
