সংবাদ প্রকাশের জন্য এবার নতুন প্ল্যাটফর্ম আনছে সার্চ ইঞ্জিন গুগল। এই প্লাটফর্মে ছোটো ছোটো স্থানীয় সংবাদ প্রকাশকদের যাবতীয় খবরাখবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিবিসি। সংবাদ প্রকাশকদের ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার চ্যালেঞ্জগুলো ক্রমশ কমে আসবে বলে ধারনা করা হচ্ছে।
গুগল নিউজ ইনিশিয়েটিভ ইতোমধ্যেই এই এই প্রকল্পের জন্য ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান অটোম্যাটিক এবং ওয়ার্ডপ্রেস ডটকম-এর সঙ্গে চুক্তি করেছে। নতুন প্ল্যাটফর্ম ‘নিউজপ্যাক’ তৈরি করতে ইতোমধ্যেই ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে গুগল।
গত সোমবার এক বিবৃতিতে গুগল জানায়, ‘দ্রুতগতির, নিরাপদ, কম খরচের প্রকাশনা প্ল্যাটফর্ম হলো নিউজপ্যাক, যা ছোট নিউজরুমগুলোর চাহিদা মেটাবে।’ চলতি বছরের শেষ দিকে প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।
গুগল সার্চ-এর পণ্য ব্যবস্থাপনা পরিচালক জিম অ্যালব্রেট বলেন, ‘পত্রিকাগুলো যখন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশনা শুরু করতে যায় তখন তাদেরকে কর্মী, প্রকাশনা ও প্রতিবেদক কমাতে হয়, এতে তারা প্রযুক্তিগত ও ব্যবসায়িক সমস্যার মধ্যে পড়ে। সাংবাদিকদের উচিত তাদের খবর লেখা এবং তাদের কমিউনিটিতে মনযোগ দেওয়া, ওয়েবসাইট নকশা, সিএমএস সাজানো বা বাণিজ্যিক ব্যবস্থা তৈরি নিয়ে চিন্তা করা উচিত নয়।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের তৈরি সকল প্লাগইনস ব্যবহার করা যাবে এই নিউজপ্যাকে। কিন্তু মূল ব্যবস্থার সব ফিচার সবার জন্য উন্মুক্ত থাকবে না। গুগলের পক্ষ থেকে বলা হয়, নিউজপ্যাকের ফিচার সেট নিয়ে উপদেশও দেবেন তারা। আর এতে গুগল পণ্য অন্তর্ভুক্ত করতে প্রযুক্তিগত সহায়তাও মিলবে।
