ছবির নাম ‘শ্রীদেবী বাংলো’। সদ্য প্রকাশ হওয়া টিজারের শেষে রয়েছে বাথটাবে মৃত্যুর দৃশ্য। যা ঘটেছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবীর জীবনে। আর এই দৃশ্যটি নিয়েই অভিযোগ। বলা হচ্ছে, নির্মাতার সংবেদনশীলতার অভাব রয়েছে। এভাবে না দেখালেও পারতেন তিনি।
২০১৮ সালে চোখের ইশারায় গোটা ভারতের নজরে এসেছিলেন দক্ষিণী সুন্দরী প্রিয়া প্রকাশ ভারিয়ার। বাংলাদেশেও কম আলোচনা হয়নি। প্রিয়া মূলত মালায়লাম অভিনেত্রী। প্রথম ছবিতে প্রিয়া পার্শ্বচরিত্রে থাকলেও তিনিই হয়ে উঠেছিলেন মুখ্য আকর্ষণ। এবার তার অভিষেক হতে চলেছে হিন্দি ছবিতে। ‘শ্রীদেবী বাংলো’র এক মিনিট ৪০ সেকেন্ডের টিজার দেখে মনে হচ্ছে, ছবির গল্পের সঙ্গে প্রয়াত শ্রীদেবীর জীবনের সঙ্গে মিল রয়েছে। সেখানে প্রিয়াকে সফল নারীর চরিত্রে অভিনয় দেখা যায়। বেশ হাসি-খুশি অবতার, আবার হঠাৎ কী যেন দুঃখে অবসাদগ্রস্ত।
এদিকে ‘শ্রীদেবী বাংলো’র সঙ্গে প্রয়াত অভিনেত্রীর জীবনের কোনো মিল নেই বলে দাবি করেছেন ছবির প্রযোজক। সিনেমাটি পরিচালনা করেছেন কেরালার প্রশান্ত মামবুলি। বাজেট প্রায় ৭০ কোটি রুপি। প্রিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়।
