নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন সংলগ্ন ভারতের ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পের ৪৯১ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (২৫) পশ্চিম ছাতনাই ইউনিয়নের এক নম্বর ওয়র্ডের খালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর ভারতীয় অংশে তার নিহত হওয়ার খবর আসে।
ছাতনাই ইউনিয়নের বালাপাড়া বিজিবি ক্যাম্পের কো¤পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম জানান, খলিলুরের লাশ আনতে দুপুরে পতাকা বৈঠক হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দেবে বলে জানিয়েছে বিএসএফ।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, ‘ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে শুনেছি। তিনি কী কারণে ভারতে যাচ্ছিলেন জানা যায়নি।’
