বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘৩০ ডিসেম্বরের মতো একটি প্রহসন ও ভোট ডাকাতির নির্বাচন করার জন্য’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা ফয়সালকে দেখতে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব এ সময় সারা দেশকে হাসপাতালে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি জেলায় নির্যাতন, নৈরাজ্য সৃষ্টি করেছে। জেলায় জেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা-বাণিজ্য দখল করা হচ্ছে। নির্বাচনের আগে পোস্টার লাগানোর অপরাধে নির্বাচনের পরদিন যশোরের যুবদলকর্মী ফয়সালকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুরিকাঘাত করেছে। তাকে আট ব্যাগ রক্ত দিতে হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল করার যে কৌশল করেছিল, তা আজ জাতির সামনে স্পষ্ট হয়ে উঠছে। তাদের লজ্জা নেই, শরম নেই। তারা এখন মহাবিজয়ের কথা বলছেন। অথচ সারা দেশের মানুষের মুখে কোনো হাসি নেই, কারও মুখেই হাসি দেখি না, নির্বাচন নিয়ে সবার বুকের মধ্যে কষ্ট। ক্ষমতা কী ভয়ঙ্কর! মানুষকে আর মানুষ মনে হয় না। তারা এত বড় একটা চুরি করেছে যে, তা এখন সামাল দিতে পারছে না। আওয়ামী লীগকে ‘দখলদারি সরকার’ অভিহিত করে তিনি বলেন, তারা জোর করে জনগণের সমস্ত আমানত লুণ্ঠন করেছে। প্রতিটি জেলা উপজেলায় বিরোধী মতবাদের ওপর হামলা করছে। মির্জা ফখরুল দাবি করেন, স্বাধীনতা যুদ্ধপরবর্তী সময়েও আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিরোধী দলের লোকজনের ওপর হামলা চালিয়েছিল, হত্যা করেছিল।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে যশোর সদর আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, ড্যাব নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ। ডা. জাহিদ দেশ রূপান্তরকে বলেন, ফয়সাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নং ওয়ার্ডের ৯ নাম্বার বেডে চিকিৎসাধীন। ছুরিকাঘাতে তার দুই পায়ের ব্লাড ভেসেল ছিন্নভিন্ন হয়ে গেছে। অনিন্দ্য ইসলাম বলেন, ফয়সাল নির্বাচনের আগে ধানের শীষের পোস্টার লাগিয়েছিলেন। এই অপরাধে নির্বাচনের পরদিন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করে। তার পা দুটো বাঁচানোই এখন মূল চিন্তা হয়ে দাঁড়িয়েছে।
