প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে আবার নিয়োগ পেয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগ অবৈতনিক।
সজীব ওয়াজেদ জয়ের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এই নিয়োগ দিয়েছেন। এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সালমান এফ রহমানের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এ নিয়োগ অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে।’ গত সরকারের সময়ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।
এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টাকে আবার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তারা হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
সাংবাদিক নেতা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান ছাড়া গত সরকারের সময়কার প্রধানমন্ত্রীর সব উপদেষ্টারাই নিয়োগ পেলেন। তিনি প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ছিলেন। ওই পদে এখনো কোনো উপদেষ্টা নিয়োগ দেননি প্রধানমন্ত্রী।
