বিপিএলে বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে অন্য রূপে দেখা দিল সিলেট সিক্সার্স। দারুণ ব্যাটিং করলেন লিটন দাস ও ডেভিড ওয়ার্নার। এই দুজনের ক্লাসিক ব্যাটিং সত্যিকারের বিনোদন জোগাল দর্শকদের।
ডেভিড ওয়ার্নার আবার এমন ম্যাচেই বাঁহাতি থেকে হয়ে গেলেন ডানহাতি ব্যাটসম্যান। খেললেন ক্রিস গেইলকে। হাঁকালেন ছক্কা-চার।
রংপুরের বিপক্ষে আগে ব্যাট করে এদিন ৫ উইকেটে ১৮৭ রান করে সিলেট। এবারের আসরে যা এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। লিটন দাস সর্বোচ্চ ৭০ ও ওয়ার্নার অপরাজিত ৬১ রান করেন।
সিলেটের অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়ার্নার এদিন গেইলের করা ১৯তম ওভারে বাঁহাতি থেকে হয়ে যান ডানহাতি ব্যাটসম্যান। গেইলের অফ স্পিন বাঁহাতে স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না। প্রথম বলে দুই রান নেওয়ার পর পরের দুই বলে কোনো রান করতে পারেননি।
এরপরই ডানহাতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ওয়ার্নার। আর ডানহাতে গেইলকে প্রথম বলেই হাঁকালেন বিশাল ছ্ক্কা। পরের দুই বলে হাঁকালেন পর পর দুই চার। গেইলকে ডানহাতে ছক্কা মেরেই এদিন ফিফটি পূরণ করেন ওয়ার্নার।
দুই বাঁহাতি ব্যাটসম্যান ওয়ার্নার ও নিকোলাস পুরান যখন ব্যাট করছিলেন তখন রংপুর অধিনায়ক মাশরাফী গেইলকে ব্যবহার করেন। এই ক্যারিবিয়ান নিজের অফ স্পিনে বেঁধে রাখতে পারছিলেন ওয়ার্নার ও পুরানকে। প্রথম ওভারে ৯ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে দেন ১০রান।
এরপর ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন গেইল। ওয়ার্নার প্রথম তিন বলে ব্যর্থ হওয়ার পরই নিলেন ডানহাতে ব্যাট করার সিদ্ধান্ত। বিপিএলের মাধ্যমে ক্রিকেট বিশ্ব দেখল ওয়ার্নারের ডানহাতে ব্যাট করার সামর্থ্য। ওয়ার্নার শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত থেকে যান। তার ৩৬ বলের ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কা।
